
গাজায় আট হাজার সৈন্য মোতায়েনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।
গত বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে যেসব দেশ গাজায় সৈন্য পাঠানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, সেগুলোর মধ্যে ইন্দোনেশিয়াই প্রথম এই পদক্ষেপ নিতে যাচ্ছে।
দেশটির সেনাপ্রধান জেনারেল মারুলি সিমানজুন্তাক জানিয়েছেন, গাজায় পাঠানো হবে এমন সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সেখানে তারা মূলত চিকিৎসা ও প্রকৌশলগত দায়িত্ব পালন করবেন।
ব্যারাক তৈরির স্থান নির্ধারণ
ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী একটি এলাকায় ইন্দোনেশিয়ার কয়েক হাজার সেনার জন্য ব্যারাক নির্মাণের জায়গা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।
অন্য দেশগুলোর অবস্থান
তুরস্ক ও পাকিস্তানের মতো মুসলিম দেশগুলোও গাজায় সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। তবে তারা স্পষ্টভাবে জানিয়েছে, তাদের সেনারা কেবল শান্তিরক্ষী হিসেবে কাজ করবে এবং হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় কোনোভাবেই জড়াবে না।
সূত্র: বিবিসি


