
সাময়িক নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিই চায় ইরান-এমন অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় আরাঘচি বলেন, “ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।”
এ সময় তিনি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ইস্যুতেও ইরানের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে শত্রু দেশগুলোর ক্ষেত্রে সেই বিবেচনা প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে ওয়াং ই বলেন, যুদ্ধের চেয়ে সংলাপ সবসময় উত্তম। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তির স্বার্থে প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই ধরনের কূটনৈতিক বার্তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: বার্তা বাজার



