নেতানিয়াহুকে ট্রাম্পের ‘চাপ’, আজই যুদ্ধবিরতির আলাপে বসছে ইসরায়েল-লেবানন

চলমান সংঘাতের প্রেক্ষাপটে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-এর সঙ্গে আজ বৃহস্পতিবার ফোনালাপের কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র। বিষয়টি নিশ্চিত করেছেন তার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্য গালিয়া গামলিয়েল।
এই ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের কয়েক ঘণ্টা পর। বুধবার (১৫ এপ্রিল) ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ইসরায়েল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার আলোচনায় বসবেন।
তবে গামলিয়েলের বক্তব্যের আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে কোনো যোগাযোগের বিষয়ে তারা অবগত নন।
ত্রিপক্ষীয় ফোনালাপের উদ্যোগ
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু, জোসেফ আউন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে নিয়ে একটি ত্রিপক্ষীয় ফোনালাপ আয়োজনের তোড়জোড় চলছে।
প্রতিবেদন অনুযায়ী, আলোচনার মূল বিষয় হতে পারে দুই দেশের মধ্যে কার্যকর যুদ্ধবিরতি শুরু করা এবং একটি স্থায়ী চুক্তির পথে অগ্রসর হওয়া।
যুক্তরাষ্ট্রের চাপ ও কূটনৈতিক তৎপরতা
একই গণমাধ্যমের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার রাতে নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বৈঠক করে। বৈঠকের পর জেরুজালেমের রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে যে, যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া বিকল্প কম।
গালিয়া গামলিয়েল ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, দীর্ঘদিনের বিচ্ছিন্নতার পর এই কথোপকথন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতির পথ তৈরি করতে পারে।
তবে কিছু লেবানিজ সংবাদমাধ্যম জানিয়েছে, এ ধরনের কোনো আলোচনা বা যোগাযোগের বিষয়ে তাদের কর্মকর্তারা এখনও অবগত নন।
সূত্র: বিবিসি ও টাইমস অব ইসরায়েল



