আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের, অবরোধ চলবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে একটি “ঐক্যবদ্ধ প্রস্তাব” না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র সামরিক হামলা স্থগিত রাখবে। তবে সেনাবাহিনীকে প্রস্তুত অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, এ সিদ্ধান্ত চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করবে এবং স্থায়ী শান্তিচুক্তির পথ খুলে দিতে পারে।

বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ এই সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সেই সময়সীমা বুধবার শেষ হওয়ার কথা ছিল।

এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর ইসলামাবাদ সফর স্থগিত করা হয়েছে। প্রথমে তার মঙ্গলবার পাকিস্তান যাওয়ার কথা থাকলেও পরে হোয়াইট হাউজ জানায়, সফরটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান। ফলে আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

তথ্যসূত্র: বিবিসি

এই বিভাগের অন্য খবর

Back to top button