আন্তর্জাতিক খবর
প্রধান খবর

যুদ্ধ অবসানে ৩ ধাপের নতুন প্রস্তাব দিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির অবসানে তিন স্তরের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়, তবে এই নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে।

জানা গেছে, যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ইরান ও লেবাননে আর কোনো আগ্রাসী হামলা হবে না- এমন নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় পর্যায়ে, যদি প্রথম স্তরের শর্ত মেনে নেওয়া হয়, তাহলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির পরিচালনা, ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা হবে।

তৃতীয় পর্যায়ে, যদি প্রথম দুই ধাপে সংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

ইরানের নতুন প্রস্তাব নিয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে যোগাযোগ করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালেস বলেন, “এসব অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনার বিষয় এবং যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমে এ বিষয়ে আলোচনা করবে না। আমাদের প্রেসিডেন্ট যেমন বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে এখনও কার্ড আছে এবং আমরা কেবল এমন একটি চুক্তিতেই রাজি হবো, যা মার্কিন জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং ইরানকে কখনও পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেবে না।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ২১ ঘণ্টাব্যাপী আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।

প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর পাকিস্তানসহ কয়েকটি দেশ দ্বিতীয় দফা আলোচনায় বসার আহ্বান জানায়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয়বার সরাসরি সংলাপে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তার প্রতিনিধি দলকে আবারও “১৮ ঘণ্টার ফ্লাইটে” পাঠাতে আগ্রহী নন। এখন থেকে ফোনকলেই আলোচনা হবে।

ট্রাম্পের ওই বক্তব্যের পরপরই নতুন প্রস্তাবটি দেয় ইরান।

রোববার সংক্ষিপ্ত সফরে পাকিস্তান যান আরাগচি। এর আগে তিনি হরমুজ প্রণালীর অপর তীরের দেশ ওমান সফর করেন। পাকিস্তান সফর শেষে তিনি রাশিয়ায় গেছেন।

সূত্র: এএফপি, এনডিটিভি অনলাইন

এই বিভাগের অন্য খবর

Back to top button