আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ইরানের ৫০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল সম্পদ জব্দ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ওয়াশিংটনের ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ কার্যক্রমের ফলে তেহরান সরকার এখন সংকটে পড়েছে।

ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় ৩৫ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ জব্দ করা হয়েছে। এর আগে আরও ১০ কোটি ডলার জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি ডলারের কাছাকাছি সম্পদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া বিভিন্ন স্থানে ইরানি ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে বলে জানান তিনি।

মার্কিন অর্থমন্ত্রী আরও বলেন, গত বছরের মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টির নির্দেশ দেন। প্রায় তিন সপ্তাহ আগে তিনি ইরানের ওপর চাপ আরও বাড়ানোর নির্দেশ দেন।

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বিদেশি সরকার ও প্রতিষ্ঠানগুলোর ওপরও চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে বেসেন্ট বলেন, কোনো দেশের শিল্পপ্রতিষ্ঠান বা ব্যাংক যদি ইরানি তেলের লেনদেন করে, তাহলে তাদের বিরুদ্ধেও ‘সেকেন্ডারি স্যাংশন’ আরোপ করা হবে।

তিনি মনে করেন, এই অর্থনৈতিক অভিযান এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ দেশটির অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতি বয়ে আনবে।

অন্যদিকে আল-জাজিরা–র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে উপহাস করেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘অসার’ বা ‘আবর্জনা’ বলে মন্তব্য করেছেন।

তথ্যসূত্র: ডিবিসি নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button