
ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খবর দিয়েছে আল-জাজিরা।
বুধবার (৬ মে) হোয়াইট হাউস-এ এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।
তিনি আরও বলেন, “গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং খুব সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাব।”
মার্কিন সংবাদমাধ্যম পিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে তার নির্ধারিত চীন সফরের আগেই সমঝোতা হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে আলোচনা ভেঙে গেলে আবারও বোমা হামলা শুরুর হুমকিও দেন তিনি।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তেহরান এখনো মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে আদান-প্রদান হওয়া নথিগুলোর পর্যালোচনা চলছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত বন্ধে ট্রাম্প একাধিকবার আশাবাদ ব্যক্ত করলেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই পক্ষের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধ রয়ে গেছে।
তথ্যসূত্র: যমুনা টিভি



