আন্তর্জাতিক খবর
প্রধান খবর

যুদ্ধবিরতি ‘শেষ’, ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে ‘অসুস্থ’ বলেও মন্তব্য করেছেন তিনি।

ন্যাটোর সম্মেলনে যোগ দিতে বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থান করছেন ট্রাম্প। বুধবার (৮ জুলাই) সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। সম্প্রতি তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইরানের নেতারা অসুস্থ এবং নোংরা। হরমুজে এই হামলার পর তাদের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনা করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।”

গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। ১৪ ধারার ওই চুক্তিতে ইরান হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির বন্দরগুলোর অবরোধ প্রত্যাহারের অঙ্গীকার করে। চুক্তিটি ৬০ দিনের জন্য কার্যকর থাকার কথা ছিল।

তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলার শিকার জাহাজগুলো হলো- মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘এমটি আল আল-রেকাইয়াত’, সৌদি আরবের ‘এমটি ওয়াদিয়ান’ এবং লাইবেরিয়ার ‘এমটি সাইপ্রাস প্রসপারিটি’।

এর জবাবে মঙ্গলবার ইরানের ৮০টি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সংস্থাটির দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনাকে নির্ভুলভাবে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, সেন্টকমের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৮৫টি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

এই বিভাগের অন্য খবর

Back to top button