
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। উত্তর-পূর্ব ইরানের মাশহাদে তার জন্মশহরেই শেষ নিদ্রায় শায়িত করা হবে তাকে। কয়েকদিনের রাষ্ট্রীয় শোক ও শোকযাত্রার পর ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়। পরে জানাজার জন্য মরদেহ নেওয়া হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তিনি।
১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। শিয়া মুসলিমদের কাছে শহরটি অত্যন্ত পবিত্র। শিয়াদের ১২ ইমামের অন্যতম ইমাম রেজা-এর মাজারও এখানেই অবস্থিত। ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্ব বিবেচনায় এই পবিত্র স্থানেই তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইমাম রেজার মাজার কমপ্লেক্সে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
এর আগে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি-কেও একই কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।
তথ্যসূত্র: যমুনা টিভি