আন্তর্জাতিক খবর
প্রধান খবর

হরমুজ না খুললে ইরানকে ‘কঠোরভাবে আঘাত’ করা হবে : ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হতে পারে। তবে তা না হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠিন আঘাত’ হানারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তাদের আশা, চলতি সপ্তাহের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।

এই আশাবাদের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ পাউন্ডের নিচে নেমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে দাঁড়িয়েছে, যা ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং কয়েক মাসের সংঘাতের পর তেহরান একটি চুক্তিতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করে দেন, প্রয়োজন হলে সামরিক পদক্ষেপের বিকল্পও খোলা থাকবে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ দিকের আন্তর্জাতিক নৌপথ এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, মধ্যস্থতাকারী ওমানের সঙ্গে আলোচনা করছে। কাতারও জানিয়েছে, কূটনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখনো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই।

বিশ্লেষকদের মতে, সমঝোতার আশা তৈরি হলেও পরিস্থিতি এখনো নাজুক। এর আগে একাধিকবার আলোচনার অগ্রগতির ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত সংঘাত কমেনি। তাই তেলের বাজারেও অস্থিরতা পুরোপুরি কাটেনি।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button