ইউক্রেনের শহর খারকিভে চলছে তুমুল লড়াই

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। দেশটিতে আক্রমণ শুরুর চারদিনের মাথায় এই শহরটিতে রুশ সৈন্য ঢুকে পড়ার খবর পাওয়া গেল। খারকিভের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শহরে রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে।
এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে সম্ভাব্য রুশ আগ্রাসনের হুমকির মুখে মস্কোর বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন খারকিভ শহরের হাজারও বাসিন্দা। সেসময় ‘খারকিভ ইজ ইউক্রেন’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন শহরটির সাধারণ মানুষ। এর অর্থ- ‘খারকিভ শহরটি ইউক্রেনের’।
এছাড়া ‘ইউক্রেনে হামলা বন্ধ করো’ লেখা সম্বলিত ব্যানারও ছিল বিক্ষোভকারীদের হাতে। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশের দ্বিতীয় বৃহত্তম এবং রুশ সীমান্ত থেকে মাত্র ৪২ কিলোমিটার (২৬ মাইল) দূরে অবস্থিত।
কিয়েভ ও খারকিভের রাস্তায় জোরদার যুদ্ধ চলছে। জোরদার প্রতিরোধ করছেন ইউক্রেন সেনারাও। তবে এখনও রুশ সেনা খারকিভ দখল করতে পারেনি বলে জানা গেছে।



