আন্তর্জাতিক খবর

শিশুদের হাসপাতালে বোমা হামলা চালাচ্ছে রাশিয়া

রাশিয়ার সেনারা ইউক্রেনের একটি মাতৃ ও শিশু হাসপাতালে হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় সিটি কাউন্সিল।

মারিউপোল সিটি কাউন্সিল হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায় হাসপাতাল ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। এছাড়া রাশিয়ার হামলার ব্যাপারে সিটি কাউন্সিল জানায়, সিটি সেন্টারে একটি মাতৃ ও শিশু হাসপাতাল, শিশু বিভাগ ও ওষুধ বিভাগ সব এইমাত্র রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কিও টুইটারে ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের একটি ভিডিও প্রকাশ করেছেন। রাশিয়ান হামলার তীব্র সমালোচনা করেছেন তিনি। এসময় ইউক্রেনকে বিমান দিয়ে সহায়তা না করায় প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটো ও পশ্চিমা দেশগুলোরও সমালোচনা করেছেন।

হামলার বিষয়ে জেলেনস্কি বলেন, মাতৃ ও শিশু হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়া। মানুষ ও শিশুরা এখন ধ্বংসস্তূপের নিচে। চরম নৃশংসতা। কতদিন এই বিশ্ব এই সন্ত্রাসকে উপেক্ষা করবে?

ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে জেলেনস্কি বলেন, এখনই আকাশ বন্ধ করে দিন। হত্যা থামান। আপনাদের শক্তি আছে, কিন্তু মনে হচ্ছে আপনারা মানবিকতা হারিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button