১৩ শিক্ষার্থীকে ধর্ষণ: শিক্ষককের মৃত্যুদণ্ড

ইন্দোনেশিয়ায় ১৩ মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে হেরি উইরাওয়ান (৩৬) নামের এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।
সোমবার দেশটির হাইকোর্ট হেরির মৃত্যুদণ্ডের আদেশ দেন। ধর্ষণের শিকার ১২ থেকে ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থীদের মধ্যে আটজনই গর্ভবতী হয়ে পড়েন।
ইন্দোনেশিয়ার শিশু সুরক্ষামন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তারাও ওই শিক্ষকের মৃত্যুদণ্ডের আবেদনে সমর্থন জানান। তবে দেশটির মানবাধিকার কমিশন এই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে সমালোচনা করেছে।
আদালত সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই দরিদ্র পরিবারের মাদ্রাসা (ইসলামি বোডিং স্কুল) শিক্ষার্থীদের ওপর ধর্ষণ ও নির্যাতন করে আসছিলেন হেরি। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে হেরি যৌন নিপীড়ন করার অভিপ্রায়ে ১২ থেকে ১৬ বছর বয়সী ১৩ বালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফেব্রুয়ারিতে সরকারি কৌঁসুলিরা মৃত্যুদণ্ড চাইলেও বানদুং শহরের নিম্ন আদালত হেরিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু পরে নির্যাতিতরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন।
