ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার হলো।
সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরুর আগে এক দিনের বিশেষ শীর্ষ সম্মেলনে এ ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের তালিকায় অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনোকো ও সান মারিনোও যুক্ত হয়েছে। মাখোঁ বলেন, “আমরা আর দেরি করতে পারি না, এখনই ফিলিস্তিনে শান্তি ফিরিয়ে আনার সময়।” সম্মেলনটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে আয়োজন করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেনও একই পথে এগোচ্ছে।
এর আগে রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে এখন চার দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এর আগে ১৯৮৮ সালে রাশিয়া ও চীন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, একই বছরে বাংলাদেশও এ স্বীকৃতি দিয়েছিল।
তথ্যসূত্র: সমকাল



