শেখ হাসিনা কি আপিল করতে পারবেন, আইনে কী আছে?

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চানখারপুরে ৬ জনকে হত্যার ঘটনার দায়েই তার বিরুদ্ধে এই দণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ২টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, শেখ হাসিনা আপিল করতে পারবেন না, কারণ তিনি পলাতক অবস্থায় রয়েছেন। ট্রাইব্যুনাল আইনে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয় এবং এর জন্য আসামিকে আত্মসমর্পণ বা গ্রেপ্তার থাকা বাধ্যতামূলক।
এর আগে প্রসিকিউটর গাজী মোনাওয়ার জানান, ফৌজদারি কার্যবিধিতে নারী, অসুস্থ, কিশোর বা শিশুদের জামিনে অগ্রাধিকার দেওয়া হলেও রায় প্রদানে নারীদের কোনো আলাদা সুবিধা নেই। ট্রাইব্যুনাল আইনেও এ নিয়ে কোনো বিশেষ বিধান নেই।
তথ্যসূত্র: যুগান্তর


