আইন ও অপরাধ
প্রধান খবর

বিশ্বকাপে সারাদেশে ১১ মৃত্যু: সহিংসতা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিটে বিশ্বকাপকে কেন্দ্র করে সহিংসতা, উচ্চ শব্দে আতশবাজি, লাউডস্পিকারের অপব্যবহার এবং জনদুর্ভোগ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

এছাড়া সর্বসাধারণের জন্য বড় পর্দায় খেলা প্রদর্শন, উদযাপনের সময়সীমা নির্ধারণ, আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা এবং রাত ১১টার পর উচ্চ শব্দ ও আতশবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গভীর রাতে উচ্চ শব্দে আতশবাজি ফোটানো ও লাউডস্পিকারের কারণে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রিটে সংযুক্ত এক সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বকাপ ঘিরে বিভিন্ন সহিংস ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। পরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক মো. শরিফুল ইসলাম (৩২) নিহত হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ায়।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, যেখানে বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শন করা হবে, সেখানে ডিবির বিশেষ নজরদারি থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, খেলাধুলা বিনোদনের অংশ এবং জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। তবে সমাজে পরাজয় মেনে নেওয়ার মানসিকতার ঘাটতির কারণেই অনেক সময় ক্রীড়া উন্মাদনা সহিংসতায় রূপ নেয়।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button