বগুড়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ২ নারীসহ ৫ জন গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ নারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সােনাতলা উপজেলার ঝিনারপাড়া এলাকার সেকেন্দার প্রাং এর স্ত্রী মালেকা(৫৫), ফুলমিয়ার স্ত্রী শেফালী বেগম(৪৮), ফুলমিয়ার ছেলে শিপন মিয়া(২৫), মৃত আবতাবের ছেলে এরশাদ প্রাং এবং আটকোরিয়া এলাকার হায়দার আলীর ছেলে সুলতান মাহমদু(৩৪)।
সােমবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা ছাড়াও অজ্ঞাতনামা ৪০জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান।
এর আগে ১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সােনাতলা থানার ঝিনারপাড়া গ্রামে শিবগঞ্জ থানা পুলিশ প্রবেশ করে আবুল কালাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এ এস আই মিজানুর রহমান ও কনস্টেবল গােলাম কিবরিয়া গুরুতর আহত হন।
জানা যায়, সােমবার বিকেলে শিবগঞ্জ থানার মােকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিস ও এএসআই মিজান সােনাতলা থানার ঝিনারপাড়া গ্রামে যান। তারা ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে আবুল কালামকে (৪০) আটক করে হাতে হ্যান্ডকাফ লাগায়। এসময় তার পরিবারের স্বজনরা গ্রেফতারের কারণ জানতে চায়। এসময় পুলিশ জানায় তার কাছে ফেনসিডিল পাওয়া গেছে। কিন্তু ফেনসিডিল দেখাতে না পারলে গ্রামের লােকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আবুল কালামকে ছিনিয়ে নেয়।
স্বজনদের অভিযোগ পুলিশ তাকে গ্রেফতার করে পকেটে ফেনসিডিল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান জানান, আবুল কালাম মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতার করতে গেলে আত্মীয় স্বজনেরা পুলিশকে মারপিট করে ছিনিয়ে নেয়। এঘটনায় এসআই আনিস বাদী হয়ে মামলা করেছে।



