আইন ও অপরাধ

আদালতে অনুপস্থিত পরীমনি, সাক্ষ্য গ্রহণ ১২ মে

অসুস্থ থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন পরীমনি। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়েছে। সেইসাথে ১২ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই আদেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহাবুব আলম বলেন, এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে পরীমনির পক্ষে সময় চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে। পরীমনির পক্ষ থেকে বলা হয়েছে, এই মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশে স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন পরীমনি। আদালত সাক্ষ্য গ্রহণ শুনানির নতুন দিন ঠিক করেন।

মাহাবুব আলম আরো বলেন, পরীমনি আদালতে হাজির হননি। তাঁর আইনজীবীরা আদালতে বলেন, পরীমনি অসুস্থ। তাই তিনি আদালতে হাজির হতে পারেননি। তবে মামলার অন্য দুই অভিযুক্ত আসামি আশরাফুল ইসলাম ও কবির
আদালতে হাজির ছিলেন।

এই মামলায় ১ মার্চ আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও র‍্যাব-১-এর ডিএডি মজিবর রহমান। আর গত বছরের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button