জোবায়দার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের লিভ-টু-আপিল খারিজ করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলতে আর কোনো বাধা রইলো না।
বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৭ এপ্রিল দুদকের মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ডা.জোবায়দার করা লিভ-টু-আপিলের শুনানি শেষে আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছিলেন আপিল বেঞ্চ।
মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।
এসএ