দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী জ্যোতির কারাদণ্ড

বগুড়ার সংরক্ষিত মহিলা আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতির বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।
নূর আফরোজ বেগম জ্যোতি জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি ও বগুড়ার শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ। তার বিরুদ্ধে ২৮ লাখ টাকার সম্পদ গোপন এবং অবৈধভাবে ৫৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০১৪ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বগুড়ায় দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। রায়ে একটি ধারায় পাঁচ বছর এবং অপর ধারায় দুই বছরসহ মোট সাত বছরের সাজার কথা বলা হয়েছে। আসামিকে আদালত থেকে
কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এসএ


