কাল গণপরিবহণ চলবে কিনা, যা জানাল সড়ক শ্রমিক ফেডারেশন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সোমবারের দেশব্যাপী লকডাউনের মধ্যেও সব ধরনের যানবাহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার (১৬ নভেম্বর) মতিঝিলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহণ-মালিক ও শ্রমিকেরা দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি প্রশাসনও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে।
হুমায়ূন কবির খান অভিযোগ করেন, আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। তিনি এসব কর্মসূচি ও নাশকতার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত শ্রমিক-মালিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
ফেডারেশন জানায়, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশে অন্তত ২০টি পরিবহণে আগুন দেওয়া হয়। ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে চালক জুলহাসকে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে পরিবহণ শ্রমিকেরা দেশজুড়ে বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা করা হবে। এর প্রতিবাদে সারা দেশে লকডাউন আহ্বান করেছে আওয়ামী লীগ।
তথ্যসূত্র: যুগান্তর



