জাতীয়
প্রধান খবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে: তথ্য উপদেষ্টা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সামান্য উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতির বিষয়ে জানতে পেরেছেন।

মাহফুজ আলম বলেন, “আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। তিনি দেশের জন্য নানা ত্যাগ ও অবদান রেখেছেন। দেশবাসীর মতো আমিও তার দ্রুত সুস্থতা কামনা করেছি।”

তিনি আরও বলেন, “গত কয়েকদিনের মতোই তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সামান্য উন্নতিও হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।”

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়ার ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “তার ত্যাগ ও অবদানের কারণে আমরা আশা করি, তিনি আরও সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়া দেখবেন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।”

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় সরকার প্রস্তুত।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button