
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ তিন দলের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক জোট। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসবে।
সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদকে নিয়ে নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ এতে যোগ না দেওয়ায় তিন দল মিলে আনুষ্ঠানিকভাবে নতুন জোট ঘোষণা করতে যাচ্ছে।
জোটের পরিচিতি হিসেবে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে-
জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য- এই লক্ষ্য নিয়েই তাদের যাত্রা।
জোটে কোন দল নেতৃত্বে থাকবে, নির্বাচনকেন্দ্রিক রূপরেখা কেমন হবে এবং যৌথ ইশতেহার প্রকাশ করা হবে কি না- এ বিষয়ে বিস্তারিত জানা যাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানের পর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নতুন এই জোট রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে গণ অধিকার পরিষদের বাহিরে থাকা বিষয়টি ভবিষ্যতে জোটের শক্তি ও বিস্তৃতি কতটা প্রভাবিত করবে, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



