
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভবনের সামনে উগ্র আচরণ ও হুমকিমূলক স্লোগানের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতের দিকে কয়েকজন ভারতীয় নাগরিক হাইকমিশনের মূল গেটের সামনে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ্য করে উসকানিমূলক স্লোগান দেন।
এ বিষয়ে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি হাইকমিশনের সামনে উপস্থিত হন। তারা বাংলা ও হিন্দি ভাষা মিশিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের বক্তব্যে ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের হুমকিমূলক কথাবার্তা শোনা যায়।
তিনি বলেন, ওই ব্যক্তিরা কিছু সময় মূল গেটের সামনে দাঁড়িয়ে হৈচৈ করার পর ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো ঘটনায় কোনো ধরনের শারীরিক হামলা, ভাঙচুর বা কিছু নিক্ষেপের ঘটনা ঘটেনি।
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নে প্রেস মিনিস্টার জানান, তাদের কথাবার্তায় হুমকির ইঙ্গিত থাকলেও তা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইং জানায়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং পরবর্তীতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ



