
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা (এসপি)। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপাররা জানান, নিয়মিত অভিযানে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হলেও যানবাহন ও জনবল সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই দিনে একাধিক নির্বাচন আয়োজন কঠিন হবে বলেও তারা উল্লেখ করেন। নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় পুলিশকে দায়িত্ব দেওয়া হলেও এ কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের যুক্ত করার সুপারিশ করেন তারা।
এ ছাড়া বিগত নির্বাচনগুলোর তুলনায় পুলিশের জন্য বরাদ্দ বাজেটে বৈষম্যের কথা তুলে ধরে এবারের নির্বাচনে বাজেট বাড়ানোর দাবি জানান এসপিরা। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো এবং পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
অন্যদিকে জেলা প্রশাসকরা জানান, মাঠ পর্যায়ে এখনও যেসব বৈধ অস্ত্র রয়েছে সেগুলো দ্রুত উদ্ধার করতে পুলিশের সহযোগিতা দরকার। দুর্গম এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের সুপারিশ করেন তারা। এ ছাড়া এআই ও অপতথ্য প্রচারকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা জোরদার, গণভোটের প্রচারে সময় বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে যানবাহন সরবরাহের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডিসিরা।
তথ্যসূত্র: যুগান্তর



