
ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তি ভারতে পালিয়ে মেঘালয় রাজ্যে প্রবেশ করেছে—এমন দাবিকে স্পষ্টভাবে নাকচ করেছে মেঘালয় রাজ্য পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রাজ্যের ইংরেজি সংবাদমাধ্যম মেঘালয় মনিটর–এর খবরে বলা হয়েছে, মেঘালয় পুলিশ জানিয়েছে—অভিযুক্তদের রাজ্যের কোনো এলাকায় প্রবেশ, অবস্থান বা গ্রেপ্তারের বিষয়ে তাদের কাছে কোনো ধরনের গোয়েন্দা তথ্য নেই। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়নি।
এদিকে বিএসএফ জানিয়েছে, সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে ওই দুই ব্যক্তি ভারতে প্রবেশ করেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সীমান্ত নজরদারির রেকর্ডেও এ ধরনের ঘটনার কোনো তথ্য নেই বলে দাবি করেছে বাহিনীটি।
মেঘালয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার করা বিভ্রান্তিকর। তারা এই দাবিকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।
তবে উভয় সংস্থাই জানিয়েছে, যদি যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, তাহলে তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।
তথ্যসূত্র: যমুনা টিভি



