বুধবার সংসদ ভবন প্রাঙ্গণে খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। পাশাপাশি বুধবার এক দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শোক পালনকালে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া আগামীকাল দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শোক বই খোলা হবে।
বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে তিনি জানান, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও সভায় আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তথ্যসূত্র: বিবিসি বাংলা



