
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে শোক জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
রোববার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করে বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম।
বার্তায় আরও উল্লেখ করা হয়, দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এদিকে শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়ও তার ভেরিফায়েড ফেসবুক পেজে আলাদা এক পোস্টে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, বর্তমান সময়ে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টার জন্য এটি একটি বড় ধাক্কা।
দেশের রাজনীতিতে দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এই শোকবার্তা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে গভীর শোকের আবহ আরও স্পষ্ট করে তুলেছে।



