জাতীয়
প্রধান খবর

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত, পায়ে হেঁটেই ছুটছেন শোকার্ত মানুষ

বুধবার সকালে সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজাস্থলে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের ঢল নেমেছে জানাজায় অংশ নিতে।

খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ এখন শোকার্ত মানুষের সমুদ্র। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও রাজধানীতে ছুটে এসেছেন প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে। ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত থাকায় মানিক মিয়া অ্যাভিনিউমুখী রাস্তাগুলো দিয়ে অসংখ্য মানুষ পায়ে হেঁটেই জানাজাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দেশের নানা অঞ্চল থেকে মানুষ ঢাকায় প্রবেশ করছে। ঢাকার প্রবেশপথগুলো দিয়ে সারি সারি গাড়ি ঢুকলেও অনেকেই যানবাহন না পেয়ে গাড়ি থেকে নেমে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হচ্ছেন। সময় যত গড়াচ্ছে, লোকসমাগম ততই বাড়ছে।

সংগৃহীত

টাঙ্গাইল থেকে আসা ওয়াহিদুর রহমান বলেন, “বাড়িতে বসে থাকতে পারিনি। প্রিয় নেত্রীর জানাজায় শরিক হতে ছুটে এসেছি।”
মোহাম্মদপুরের বাসিন্দা নাজমুল আলম জানান, তিনি প্রায় পুরো পথ হেঁটে এসেছেন। “চারদিকে শুধু মানুষ আর মানুষ। শীত উপেক্ষা করেই সবাই শেষ বিদায় জানাতে আসছে,” বলেন তিনি।

সংগৃহীত

কুড়িগ্রাম থেকে আসা বিএনপি কর্মী সাইফুল ইসলাম বলেন, “গতকাল নেত্রীর মৃত্যুর খবর শুনে দুপুরেই ঢাকায় রওনা হই। আজ গাড়ি না পেয়ে হেঁটেই যাচ্ছি। জানাজায় অংশ নিতেই হবে।”
চাঁদপুর থেকে আসা নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশ একজন আপসহীন নেত্রীকে হারিয়েছে। তার জানাজায় অংশ নিতে পারা অনেক বড় সৌভাগ্য।”

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button