১৩৫টি নতুন ওষুধ ‘অত্যাবশ্যকীয়’ তালিকায় যুক্ত, নির্ধারিত দামে বিক্রির সিদ্ধান্ত সরকারের

নতুন করে ১৩৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে অত্যাবশ্যকীয় ওষুধের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি—যা প্রয়োজনে আরও এক-দুটি বাড়তে পারে।
এই তালিকাভুক্ত ওষুধগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“একটি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন করা হয়েছে, যেখানে বর্তমানে ২৯৫টি ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। আজ উপদেষ্টা পরিষদের সভায় আরও এক-দুটি ওষুধ যুক্ত করার অনুরোধ এসেছে। সেগুলো যুক্ত হলে সংখ্যা ২৯৫ বা ২৯৬ হতে পারে।”
তিনি জানান, আগের তালিকার তুলনায় এবার ১৩৫ বা ১৩৬টি ওষুধ নতুনভাবে যুক্ত হয়েছে। মূল সিদ্ধান্তটি হলো—এই তালিকাভুক্ত সব ওষুধ সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি করতে হবে।
সায়েদুর রহমান আরও বলেন, মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ওষুধের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের প্রস্তুতির জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে, যাতে তারা নতুন দামের সঙ্গে সামঞ্জস্য করতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমবে এবং ওষুধের বাজারে মূল্য নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আসতে পারে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



