জাতীয়
প্রধান খবর

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

শেখ মুজিব হল হবে ‘শহীদ ওসমান হাদি হল’, বঙ্গমাতা হল হবে ‘ক্যাপ্টেন সিতারা বেগম হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। প্রস্তাব অনুযায়ী শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম হবে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হল দুটির নাম পরিবর্তনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। সিন্ডিকেট সভায় ডাকসু নেতাদের সেই দাবির আলোকে নাম পরিবর্তনের সুপারিশ করা হয়, যা পরবর্তী সময়ে সিনেটে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষককে শোকজ

একই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামী লীগপন্থী চার শিক্ষককে কেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন—

  • অধ্যাপক জিনাত হুদা
  • অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন
  • অধ্যাপক সাদেকা হালিম
  • অধ্যাপক মো. মশিউর রহমান

এ ছাড়া দুই শিক্ষককে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন—

  • অধ্যাপক মাহমুদা খাতুন
  • অধ্যাপক মো. খায়রুল ইসলাম চৌধুরী

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, সমাজবিজ্ঞান বিভাগের ওই চার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে চার্জশিট গঠন এবং শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “একই সঙ্গে সিন্ডিকেট সভায় দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের বিষয়েও সিনেটে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।”

তথ্যসূ্ত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button