
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় জানিয়েছে, ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালট ও হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।
বুধবার সকালে ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোবাইল অ্যাপে নিবন্ধিত প্রবাসীসহ সংশ্লিষ্ট ভোটাররা আজ বিকেল ৫টা থেকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ভোট দিতে পারবেন। ভোটাররা নিজ উদ্যোগে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিজ নিজ আসনের প্রার্থী ও প্রতীক দেখে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় আধুনিক সুরক্ষা ব্যবস্থা থাকায় একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটগ্রহণ প্রক্রিয়ায় ভোটারের গোপনীয়তাও সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে।
ইসি আশা করছে, এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে প্রবাসীসহ সংশ্লিষ্ট ভোটারদের অংশগ্রহণ বাড়বে এবং ভোটাধিকার প্রয়োগ আরও সহজ ও নিরাপদ হবে।
তথ্যসূত্র: ইত্তেফাক



