
অর্থ মন্ত্রণালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মা-শিশু সহায়তাসহ একাধিক কর্মসূচির ভাতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুর দুইটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য কমিটির কার্যপরিধিভুক্ত মোট ১৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার চূড়ান্ত করা হয়।
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়ল
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাসিক সম্মানি ভাতা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ কার্যক্রমকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।
জেলেদের জন্য ভিজিএফ কর্মসূচি
২০২৬–২৭ অর্থবছরে নতুন করে ২ লাখ ৭৩ হাজার ৫১৪ জন জেলেকে অন্তর্ভুক্ত করে মোট ১৫ লাখ জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
বয়স্ক ও বিধবা ভাতা বৃদ্ধি
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায়-
- বয়স্ক ভাতা: উপকারভোগী ১ লাখ বাড়িয়ে মোট ৬২ লাখ।
- ৫৯ লাখ ৯৫ হাজার জন পাবেন মাসিক ৭০০ টাকা (আগে ৬৫০)।
- ৯০ বছর ঊর্ধ্ব ২ লাখ ৫ হাজার জন পাবেন ১,০০০ টাকা।
- বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা:
- ২৮ লাখ ৭৫ হাজার জন পাবেন ৭০০ টাকা।
- ৯০ বছর ঊর্ধ্ব ২৫ হাজার জন পাবেন ১,০০০ টাকা।
প্রতিবন্ধী ভাতা ও শিক্ষাবৃত্তি
- প্রতিবন্ধী ভাতা: ৩৬ লাখ উপকারভোগীর মধ্যে
- ৩৫ লাখ ৮১ হাজার ৯০০ জন পাবেন ৯০০ টাকা,
- ১৮ হাজার ১০০ জন পাবেন ১,০০০ টাকা।
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি:
- প্রাথমিক: ৯৫০ টাকা,
- মাধ্যমিক: ১,০০০ টাকা,
- উচ্চ মাধ্যমিক: ১,১০০ টাকা,
- উচ্চতর: ১,৩৫০ টাকা।
অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সহায়তা
- জীবনমান উন্নয়ন কর্মসূচিতে উপকারভোগী ৭ হাজার বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৩৮৯ জন, ভাতা ৭০০ টাকা।
- অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তি উপকারভোগী ৪৫ হাজার ৩৩৮ জন।
- প্রাথমিক: ৭০০ টাকা,
- মাধ্যমিক: ৮০০ টাকা,
- উচ্চ মাধ্যমিক: ১,০০০ টাকা,
- উচ্চতর: ১,২০০ টাকা।
- দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ৫ হাজার ৪৯০ জনকে।
গুরুতর রোগীদের চিকিৎসা সহায়তা
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে-
- উপকারভোগী ৫ হাজার বাড়িয়ে ৬৫ হাজার জন।
- এককালীন চিকিৎসা সহায়তা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা।
মা ও শিশু সহায়তা ও খাদ্যবান্ধব কর্মসূচি
- মা ও শিশু সহায়তা কর্মসূচি: উপকারভোগী ১ লাখ ২৪ হাজার বাড়িয়ে ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জন (মাসিক ৮৫০ টাকা)।
- খাদ্যবান্ধব কর্মসূচি: সুবিধাভোগী পরিবার ৫ লাখ বাড়িয়ে ৬০ লাখ। প্রতি পরিবার কেজি প্রতি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল পাবে ৬ মাস।
সরকারের এই সিদ্ধান্তগুলো সামাজিক সুরক্ষা জোরদার ও জীবনযাত্রার ব্যয় সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: যমুনা টিভি



