
অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান।
ড. আসিফ নজরুল তাঁর পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্য তুলে ধরেন। পোস্টে তিনি হুবহু লেখেন-
ধন্যবাদ পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
ড. আসিফ নজরুলের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ক্রীড়াঙ্গনে রাজনীতি না টানার আহ্বান এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের বিষয়টি ইতোমধ্যে প্রশংসা পাচ্ছে বিভিন্ন মহলে।
তথ্যসূত্র: বণিক বার্তা



