জাতীয়
প্রধান খবর

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ এসব প্রার্থী আগামীতে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়, বর্তমান কমিশনের অন্যতম লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ, যাতে চাকরিপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার মধ্যে পড়তে না হয়। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই অল্প সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব গ্রহণের পর বিসিএসের পুরো নিয়োগ প্রক্রিয়া ১২ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। নির্ধারিত সেই পরিকল্পনা অনুযায়ী আধুনিক ওএমআর (OMR) প্রযুক্তির সহায়তায় নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত সময়ের মধ্যে দেশ সেবায় যুক্ত করতে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কমিশন সূত্রে জানা গেছে, ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলছে। ক্যাডার পদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বাধিক ৬৫০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ক্যাডার পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল জানতে পারবেন। পাশাপাশি টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ রাখা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই পিএসসির ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button