
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা প্রার্থী, প্রার্থীর এজেন্ট বা সমর্থকদের কাছ থেকে খাবার, উপঢৌকন বা অন্য কোনো সুবিধা নিতে পারবেন না। প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, আলাপচারিতা বা ঘনিষ্ঠ হওয়াও নিষিদ্ধ।
যেসব কাজ থেকে বিরত থাকতে হবে
নির্দেশনা অনুযায়ী পুলিশ সদস্যরা-
- প্রার্থী বা সমর্থকদের কাছ থেকে খাবার/উপহার নিতে পারবেন না
- প্রার্থীর সঙ্গে ছবি তুলতে পারবেন না
- প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতা করতে পারবেন না
- ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপ করতে পারবেন না
- প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না
- ভোটারকে কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে/বিপক্ষে প্রভাবিত করতে পারবেন না
- কোনো দল বা প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারবেন না
- পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ করতে পারবেন না
- কোনো রাজনৈতিক মিছিল বা কার্যালয়ে অংশ নিতে পারবেন না
- রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ প্রকাশ করতে পারবেন না
- গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ করতে পারবেন না
- নির্বাচনি আইনবিরোধী কোনো নির্দেশ পালন করতে পারবেন না
- সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট/শেয়ার/কমেন্ট করতে পারবেন না
- দায়িত্বকালে অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না
- ভোটের দিন ব্যক্তিগত আলাপে মোবাইল ব্যবহার করতে পারবেন না
- অনৈতিক বা অসদাচরণ করতে পারবেন না
- সংবেদনশীল নির্বাচনি তথ্য প্রকাশ করতে পারবেন না
- ফলাফল বা সম্ভাব্য বিজয়ী নিয়ে পূর্বানুমানমূলক আলোচনা করতে পারবেন না
- অফিসিয়াল অনুরোধ ছাড়া স্পর্শকাতর ছবি/ভিডিও পাঠাতে পারবেন না
- দায়িত্বকালে ব্যক্তিগত আলাপে মশগুল হতে পারবেন না
- একত্রে জড়ো হয়ে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করতে পারবেন না
- জনসমাগমস্থল বা খোলা জায়গায় যত্রতত্র খাবার খাওয়া, ফুটপাত বা টং দোকানে বসা থেকে বিরত থাকতে হবে
এছাড়া নির্দেশনায় বাদাম, ভাপা পিঠা, চানাচুর, জিলাপি, বিস্কুট, কলা ইত্যাদি মুখরোচক খাবার খাওয়া, অশোভন পোশাক পরা ও অপেশাদার আচরণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
তথ্যসূত্র: কালের কন্ঠ



