
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান।
আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখা যায়। সে অনুযায়ী, তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আরপিওতে যা বলা আছে
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ধারা ১৯(১)(খ) অনুযায়ী, কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন। তবে ধারা ১৯(২) অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হয়-কোন একটি আসন তিনি রাখতে চান।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।
তথ্যসূত্র: যমুনা টিভি



