জাতীয়
প্রধান খবর

গণভোটের ফল স্থগিতের রিট চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা শিশির মনিরের

গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনকে চ্যালেঞ্জ করে আদালতে লড়াই করার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ রিট মামলা আদালতেই মোকাবিলা করা হবে।
পোস্টে তিনি আরও লেখেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।

এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা নিয়ে এবং গণভোটের ফলাফল স্থগিত চেয়ে একটি রিট আবেদন দায়ের করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন এক আইনজীবী।

রিট দায়েরের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। তিনি জানান, মূলত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত ও বাতিল চেয়ে এ রিট করা হয়েছে।

আবেদনকারী আইনজীবী আরও বলেন, বিচারপতি ফাতেমা নজীব-এর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button