
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় অন্তত তিন সাংবাদিক আহত হয়েছেন।
আহতরা হলেন- তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল থেকে লাইভ সম্প্রচার ও ভিডিও ফুটেজ করছিলেন। এ সময় পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে তারা আহত হন।
পরিচয় দিয়েও মেলেনি রক্ষা।
আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার কাওসার আহমেদ রিপন বলেন, অভিযান শুরুর আগে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা কনস্টেবলদের সাংবাদিকদের না মারার নির্দেশ দেন। কিন্তু এরপরও কয়েকজন কনস্টেবল সাংবাদিকদের ওপর লাঠিপেটা করেন।
ঘটনার পর আহত সাংবাদিকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ এর রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



