জাতীয়
প্রধান খবর

জুলাই সনদ নিয়ে রুল জারি হাইকোর্টের

‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট শুনানির জন্য ১ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। ওই দিন রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হক-এর বেঞ্চ নতুন দিন নির্ধারণ করেন।

১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটে বলা হয়, সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের ৬৫, ১২৩ (৩) (৪) ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং আরপিওর ১১ অনুচ্ছেদবিরোধী।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দোলোয়ার হোসেন খান। তিনি সাংবাদিকদের জানান, সরকারপক্ষ সময় নিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়।

রিটে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদের মাধ্যমে অনুষ্ঠিত গণভোট নির্বাচন অসাংবিধানিক ও অবৈধ। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সনদের কার্যক্রম স্থগিত রাখারও আবেদন জানানো হয়েছে।

সূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button