
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তর-এর শীর্ষ আট কর্মকর্তা। তাদের সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ। তিন দফা পরিবর্তনের পর এদিনই সফরের সময়সূচি চূড়ান্ত করা হয়।
এই সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং’। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কালবেলা।
জানা গেছে, যে প্রকল্পের অর্থে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই প্রকল্পের কাজের অগ্রগতি আশানুরূপ নয়। প্রকল্পটির ব্যয় দুই দফায় বাড়িয়ে ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে ৩ হাজার ৪৪৩ কোটি টাকা করা হয়েছে।
অন্যদিকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর প্রতিবেদনে বলা হয়েছে, যে এইচভিএসি সিস্টেম বিষয়ে প্রশিক্ষণ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেই সিস্টেমের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে।
এ ছাড়া সফরে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, যার চাকরির মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হওয়ার কথা। আরও যেসব কর্মকর্তা সফরে যাচ্ছেন তাদের কেউই সরাসরি হাসপাতাল নির্মাণ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি নির্মাণ-পরবর্তী রক্ষণাবেক্ষণেও তাদের যুক্ত থাকার সম্ভাবনা নেই। এ কারণেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
নথিপত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান Dunham-Bush সফরের যাবতীয় খরচ বহন করবে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী চিলার ও এইচভিএসি সিস্টেম সরবরাহ করে থাকে এবং বাংলাদেশেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম সরবরাহ করেছে।
তবে সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের সফরে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি এক ধরনের দায়বদ্ধতা তৈরি হতে পারে। এতে ভবিষ্যতে সরবরাহ করা এইচভিএসি সিস্টেমের মান ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্র সফরের জন্য ছাড়পত্র পাওয়া কর্মকর্তারা হলেন-
অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।
সূত্র: আরটিভি নিউজ



