
নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি অনুমোদিত নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
বুধবার ভিসাসংক্রান্ত এক বার্তায় দূতাবাস এ তথ্য জানায়।
বার্তায় বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র-এ গিয়ে যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা তুলে ধরা হয়েছে।
দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় ‘বার্থ ট্যুরিজম’-অর্থাৎ শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া-অনুমোদিত নয়।
এছাড়া, যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়-এমন কাজ করাও এই ভিসায় বৈধ নয়। একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও নিষিদ্ধ।
দূতাবাসের এ বার্তায় ভিসা ব্যবহারের সঠিক নিয়মাবলি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সূত্র: কালবেলা



