জাতীয়
প্রধান খবর

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, গুলশানের বাসাতেই থাকবেন

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-য় না উঠে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর নিজ বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যমুনায় না উঠে নিজের গুলশানের বাসাতেই অবস্থান করবেন। ব্যক্তিগতভাবে এই বাসায় থাকতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গুলশানের ১৯৬ নম্বর এই বাসাটি প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী সাজানো-গোছানো রয়েছে। দেশে ফেরার পর থেকেই তিনি সপরিবারে সেখানে অবস্থান করছেন।

আতিকুর রহমান রুমন আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সকাল ৮টায় জাতীয় ঈদগাহ-এ ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

উল্লেখ্য, ১৭ বছরের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে গুলশানের এই বাসায় ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশের ‘ফিরোজা’ নামের বাড়িতে বসবাস করতেন তার মা খালেদা জিয়া।

১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার সহধর্মিনী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তার-এর মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছিল।

পরবর্তীতে গত বছর বাড়িটির দলিলপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এতে অংশ নেন আদিলুর রহমান খান এবং রিয়াজুল ইসলাম রিজু।

সূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button