জাতীয়
প্রধান খবর

হাদি হত্যা মামলার দুই আসামিকে পশ্চিমবঙ্গে আদালতে হাজির, হত্যার দায় অস্বীকার

ভারত-এর পশ্চিমবঙ্গ-এ স্থানীয় আদালতে তোলা হয়েছে ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন-কে।

রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের বিধাননগর মহকুমা আদালত-এ হাজির করা হয়।

আদালতে তোলার সময় সাংবাদিকরা হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে ফয়সাল করিম মাসুদ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।” তাকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সেখানে আত্মগোপন করেছিলেন এবং সুযোগ বুঝে আবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন বলে এসটিএফ সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টন এলাকার বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ এবং পরে এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানা-য় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে শরীফ ওসমান হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button