জাতীয়
প্রধান খবর

র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

শনিবার (২৮ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান-এর স্থলাভিষিক্ত হলেন।

এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়।

আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

দীর্ঘ চাকরি জীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে এপিবিএন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ। এছাড়া রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায়ও দায়িত্ব পালন করেন তিনি।

তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। সেবার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ পদকে ভূষিত হন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button