দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও ডা. শফিকুর রহমান
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী দিলারা হাফিজের ইন্তেকালে শোক প্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
প্রধানমন্ত্রী তারেক রহমান এক শোকবার্তায় মরহুমাকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী হিসেবে স্মরণ করেছেন। তিনি বলেন, “তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারাল।”
এদিকে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমানও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, “জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।”
ডা. শফিকুর রহমান স্পিকারসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রার্থনা করেছেন, মহান আল্লাহ তাদের এ কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।
সূত্র: কালের কণ্ঠ



