জাতীয়
প্রধান খবর

জ্বালানি সাশ্রয়সহ নিজ নিজ কক্ষে বাধ্যতামূলক অবস্থানে নতুন নির্দেশনা

সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।

সরকারি দপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে উপসচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়।

সময়ানুবর্তিতায় নতুন নিয়ম

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। এ সময়ের মধ্যে কোনো দাপ্তরিক কর্মসূচি নির্ধারণ না করার নির্দেশও দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা

পরিপত্রে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন-

দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে

এয়ার কন্ডিশনার (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চালাতে হবে

অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখতে হবে

করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না

অফিস শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখতে হবে

সরকারি নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না

মনিটরিংয়ে ‘ভিজিল্যান্স টিম’

নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রতিটি দপ্তর ও সংস্থাকে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অফিস কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ধরনের নির্দেশনা দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button