
বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার কারণে বর্তমানে উন্নয়নমূলক কাজের জন্য কোনো তহবিল অবশিষ্ট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ-এ ৭১ বিধিতে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্পগুলোতে পরিকল্পনা ও নকশাগত ত্রুটি ছিল।
তিনি উদাহরণ দিয়ে বলেন, অনেক ক্ষেত্রে হাসপাতালের প্রধান প্রবেশপথের পাশেই বাথরুম স্থাপন করা হয়েছে, যা রোগী ও স্বজনদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রী আরও বলেন, দ্রুত অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। ফলে হাসপাতালগুলোর কাঠামোগত মান ও পরিকল্পনায় বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক ব্যয়ের জন্য কোনো অর্থ অবশিষ্ট নেই। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জের মতো মৌলিক চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রেও অর্থসংকট দেখা দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্য খাতের এই সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্য থেকেই পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, সরকার ধীরে ধীরে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবে।
সূত্র: ইত্তেফাক



