জাতীয়
প্রধান খবর

হামের টিকা ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবার টিকাদান ক্যাম্পেইনে ৬ মাস বয়সী শিশুরাও হামের টিকা নিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশিদ।

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে ক্যাম্পেইনের সময় নির্ধারিত বয়সের আগেও হামের টিকা দেওয়া হয় এবং এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী ৬ থেকে ১০ মাস বয়সী শিশুদের ক্যাম্পেইনে হামের টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপ (নাইট্যাগ)।

তবে নিয়মিত টিকাদান কর্মসূচিতে আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ নিয়মিত কর্মসূচিতে ৯ মাস বয়স পূর্ণ হওয়ার আগে হামের টিকা দেওয়া হবে না।

নিয়মিত কর্মসূচিতে বয়সসীমা অপরিবর্তিত রাখার কারণ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখনো কোনো নির্দিষ্ট সুপারিশ নেই এবং বিষয়টি এখনো গবেষণাধীন।

সূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button