জাতীয়
প্রধান খবর

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ৬ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজকে অবশেষে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল ইতোমধ্যে বাংলাদেশি জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার হওয়ার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। বর্তমানে আটকে থাকা ছয়টি জাহাজকে নিরাপদ পরিবেশে দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ও ইরান সরকার নিবিড়ভাবে কাজ করছে।

জাহাজে থাকা বাংলাদেশি নাবিক ও ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জাহানাবাদী বিষয়টি উল্লেখ করেন।

তবে তিনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতির বিষয়ে কিছুটা অসন্তোষও প্রকাশ করেন। তার মতে, এ ধরনের সংকটময় পরিস্থিতিতে কেবল ‘উদ্বেগ’ প্রকাশ যথেষ্ট নয়, বরং দায়ী পক্ষগুলোর বিরুদ্ধে স্পষ্ট নিন্দা জানানো প্রয়োজন ছিল।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ইরানের একটি ঘনিষ্ঠ ও ভাইপ্রতিম দেশ। যেকোনো সংকটে দুই দেশ একে অপরের পাশে থাকবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের কয়েকটি জাহাজও সেখানে আটকা পড়ে।

বর্তমানে জাহাজগুলোর যাত্রা শুরুর প্রক্রিয়া তদারকি করছে ইরানের নৌবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় থেকেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে কোনো বাধা ছাড়াই জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় পৌঁছাতে পারে।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button